ফের মানব পাচারের চক্রের হদিশ মিলল উত্তরবঙ্গে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ৫৬ জন তরুণী উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই, এবার শিলিগুড়ি জংশনের প্রধাননগর এলাকায় ফের উদ্ধার করা হল ৩৪ জন যুবতীকে। রোববার রাতে গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ অভিযান চালিয়ে রাঁচিগামী একটি রিজার্ভ বাস থেকে ওই যুবতীদের উদ্ধার করে।
ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিন জন এজেন্টকে। তারা হল — গৌতম রায়, পেট্রাস বেক ও জয়শ্রী পালকে। অভিযোগ ধৃতরা বিভিন্ন চা বাগান এলাকা থেকে ওই তরুণীদের একত্রিত করে শিলিগুড়িতে এনে রিজার্ভ বাসে করে রাঁচির উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা করছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধৃতরা পুলিশকে জানায়, ওই যুবতীদের তামিলনাড়ুর একটি গার্মেন্টস ওয়ার্কশপে কাজ দেওয়ার নাম করে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে ধৃতরা কোনও সন্তোষজনক নথিপত্র বা উপযুক্ত নিয়োগপত্র দেখাতে না পারায়, পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হয়।
ধৃতদের কথায় অসঙ্গতি ও বৈধতা প্রমাণে ব্যর্থ হওয়ায় তাদের গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি উদ্ধার হওয়া সকল তরুণীদের পরিবারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করছে পুলিশ সূত্রে জানা যায়।
পুলিশের প্রাথমিক অনুমান, এটি একটি সংঘবদ্ধ পাচারচক্রের অংশ হতে পারে। সোমবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
উত্তরবঙ্গ থেকে একের পর এক এভাবে তরুণীদের ভিনরাজ্যে পাচারের চেষ্টায় রীতিমতো উদ্বিগ্ন তৈরী হয়েছে।
