দুর্ঘটনায় গুরুতর জখম তরুণ, ছেলের চিকিৎসার জন্য কাতর বাবা-মায়ের আবেদন

এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে দীর্ঘ দেড় মাস ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ১৮ বছরের তরুণ আমজাদ আলি। বর্তমানে সে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। আর এই দীর্ঘ চিকিৎসার খরচ বহন করতে না পেরে এখন অসহায় দিনমজুর বাবা-মা সকলের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৩ মে উত্তর দিনাজপুরের ইসলামপুরের দিকে যাচ্ছিল আমজাদ ও তার তিন বন্ধু। রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের আকালুগছ এলাকার বাসিন্দা আমজাদ ও তার বন্ধুরা একটি বাইকে করে যাচ্ছিল। পথেই চোপড়ার কালাগছ এলাকায় একটি গাড়িকে ওভারটেক করার সময় উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। চারজনই ছিটকে পড়ে জাতীয় সড়কে। দুর্ঘটনায় দু’জন তরুণের মৃত্যু হয় ঘটনাস্থলেই। এক বন্ধু চিকিৎসার পরে সুস্থ হলেও আমজাদ এখনও অচৈতন্য অবস্থায় হাসপাতালে ভর্তি।

আমজাদের বাবা আব্দুল সাত্তার ও মা আসমা খাতুন দু’জনেই দিনমজুর। পরিবারে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। দুর্ঘটনার পর প্রথমে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল আমজাদকে। মাত্র কয়েকদিনেই সেখানে চিকিৎসা বাবদ বিল দাঁড়ায় লক্ষাধিক টাকা। পরে চিকিৎসা চালাতে না পেরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।

বাবা আব্দুল সাত্তারের কথায়, “প্রতিদিন প্রায় তিন হাজার টাকা খরচ হচ্ছে। রক্ত দিতে হচ্ছে বারবার। সব কিছু বিক্রি করে দিয়েছি। এখন আর কিছু নেই। ছেলেটাকে বাঁচাতে চাই, কিন্তু উপায় জানি না। সবাই যদি একটু সাহায্য করে, তাহলে হয়তো ছেলেটা আবার চোখ খুলবে।”

এই মুহূর্তে আমজাদের চিকিৎসা চালিয়ে যেতে সকলের সাহায্য একান্ত প্রয়োজন। অসহায় পরিবারটি সমাজের সকলের কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছে।