দার্জিলিংয়ে প্রতিবাদ মিছিলে নামলেন চাকরিহারা শিক্ষকরা

চাকরিচ্যুতরা বলেন, ‘আদালত তাদের কথা শুনছে না, আদালত নিজেই অবৈধ।’ অজয় ছেত্রী নামে এক চাকরিহারা শিক্ষকের বক্তব্য, ‘আদালতের নির্দেশেই জিটিএ-র অধীনে অনেক শিক্ষক নিয়োগ হয়েছে। আমরাও একই প্রক্রিয়ার মাধ্যমে এসেছি, কিন্তু তারা বলছে আমাদের নিয়োগ অবৈধ। আমরা সবাই উচ্চশিক্ষিত। যদি আমরা যোগ্যতার মানদণ্ড পূরণ না করি, তবেই আমাদের নিয়োগ অবৈধ হবে।’

দিবস গুরুং নামে আরও এক চাকরিহারা শিক্ষকও বলেন, ‘আমরা কোনও বিচার পাচ্ছি না। যতক্ষণ না আমরা ন্যায়বিচার পাচ্ছি, ততক্ষণ স্কুল বন্ধ থাকবে।’ তিনি আরও বলেন, ‘পাহাড়ে কোনো সঠিক ব্যবস্থা ছিল না। আমরা স্বেচ্ছাসেবী শিক্ষক হিসেবে কাজ শুরু করি এবং তারপর নিয়োগ পাই। আমাদের কাছে নিয়োগপত্র, ডিআই-এর অনুমোদন সহ সমস্ত নথি আছে, তাহলে কীভাবে আমাদের নিয়োগ অবৈধ হয়?’ আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের দাবি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং জিটিএ-কে ন্যায়বিচার দিতে হবে। যতক্ষণ না ন্যায়বিচার দেওয়া হচ্ছে, রাস্তায় নেমে অহিংসভাবে প্রতিবাদ আন্দোলন চলবে।