নিষিদ্ধ কফ সিরাপ সহ গ্রেফতার দুই ব্যক্তি

নিষিদ্ধ কফ সিরাপ পাচার রুখে দিল শিলিগুড়ি পুলিশের অ্যান্টি ক্রাইম ইউনিট। শিলিগুড়ি জংশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করে প্রধান নগর থানার অ্যান্টি ক্রাইম উইং। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ৭০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ।

পুলিশ সূত্রের খবর, ধৃত দুই ব্যক্তি শম্ভু ভাণ্ডারি (৫২) ও কিশোর সিং (৪৬)। দু’জনেই বর্তমানে শিলিগুড়ির ভক্তিনগরে বসবাস করলেও শম্ভু ভাণ্ডারি নেপালের স্থায়ী বাসিন্দা ও কিশোর সিং উত্তরাখণ্ডের বাসিন্দা।

গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ এই বিশেষ অভিযান চালায়। শিলিগুড়ি জংশন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় কফ সিরাপের বোতলগুলো।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের বিরুদ্ধে মাদক পাচার সংক্রান্ত একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বুধবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।