চাল চুরির তদন্ত করতে গিয়ে বড়সড় সাফল্য পেল এনজেপি থানার পুলিশ। উদ্ধার হয়েছে ট্রাক ভর্তি বিপুল পরিমাণ মুসুর ডাল। গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে।
ঘটনার সূত্রপাত ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে, যখন সন্তোষীনগরের এক ব্যবসায়ী ট্রাক বোঝাই চাল চুরির অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করে ট্রাক চালক আব্দুল্লাহ মল্লিককে।
ধৃতের জবানবন্দীর ভিত্তিতে বৃহস্পতিবার ফুলবাড়ি টোল প্লাজার সামনে একটি ১৪ চাকার ট্রাক (WB-45 5296) আটক করা হয়। ট্রাক থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ মুসুর ডাল। ঘটনাস্থল থেকেই ট্রাকের মালিক ও চালক আলীম শেখকে গ্রেফতার করা হয়।
পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, ট্রাকের রঙ বদলে দীর্ঘদিন ধরে চুরির কারবার চালানো হচ্ছিল। শুক্রবার ধৃতদের ১৪ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।
এদিকে তদন্তে আরও চক্রের সন্ধান মিলতে পারে বলে পুলিশ মনে করছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
