তরমুজ ভর্তি ট্রাক উল্টে গিয়ে বিপত্তি, আহত চালক ও সহচালক

রাতে বাগডোগরার বিহার মোড়ে সড়ক দুর্ঘটনা। হরিয়ানা থেকে বিপুল পরিমাণ তরমুজ নিয়ে শিলিগুড়ির দিকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি টোটোর সঙ্গে ধাক্কা খায়, এরপরই উল্টে যায় রাস্তার ওপর।

দুর্ঘটনাটি ঘটে রাতে। প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রাকটির গতি বেশ ছিল ও বিহার মোড় এলাকায় মোড় ঘোরার সময় চালক সম্ভবত নিয়ন্ত্রণ রাখতে পারেননি। ফলে প্রথমে একটি টোটোকে ধাক্কা মারে, পরে উল্টে যায় ট্রাকটি।

ট্রাক উল্টে যাওয়ায় রাস্তার উপর ছড়িয়ে পড়ে শত শত তরমুজ। মুহূর্তেই যান চলাচল ব্যাহত হয় ওই রাস্তায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ। আহত অবস্থায় ট্রাকের চালক ও সহচালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি তরমুজ বোঝাই ট্রাকটির বৈধ নথি ও চালকের লাইসেন্সও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।