গ্যাস সিলিন্ডার মূল্যবৃদ্ধি ও সাধারণ গ্রাহকদের হয়রানি নিয়ে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লক ২ নম্বর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হয় বড় বিক্ষোভ মিছিল। মিছিলটি নকশালবাড়ি তৃণমূল কার্যালয় থেকে শুরু হয়ে নকশালবাড়ি গ্যাস ডিলার অফিসের সামনে এসে শেষ হয়।
এতে শতাধিক তৃণমূল কর্মী ও সমর্থক অংশ নেন। বিক্ষোভে অংশগ্রহণকারীরা সরাসরি তাদের দৈনন্দিন সমস্যার কথা তুলে ধরেন ও কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে স্লোগান দেন। মিছিলে দার্জিলিং জেলার সমতল কোর কমিটির সদস্য ও শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ নেতৃত্ব দেন।
মিছিল গ্যাস ডিলার অফিসে পৌঁছালে এক স্থানীয় মহিলা তার দৈনন্দিন অসুবিধার কথা অরুণ ঘোষের সামনে তুলে ধরেন ও বিক্ষোণ মিছিলে সাধারণ মানুষদের অংশগ্রহণ ও লক্ষ্য করা যায়। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অরুণ ঘোষ বলেন, কেন্দ্রের বর্তমান নীতির কারণে সাধারণ মানুষ সমস্যার মুখে পড়ছে।
তিনি দাবি করেন, অবিলম্বে কেন্দ্রের পক্ষ থেকে পরিস্থিতি স্পষ্ট করা হোক। এছাড়াও আসন্ন বিধানসভা নির্বাচনে মানুষ কেন্দ্র সরকারকে তার যোগ্য জবাব দেবে বলে তিনি দাবি করেন।
