শিলিগুড়িতে তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মিসভা, মোদিকে তীব্র কটাক্ষ চন্দ্রিমার

“মহিলাদের শক্তির মূল ভিত্তির উপরেই তৈরি তৃণমূল”— এই স্লোগানকে সামনে রেখে শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেস মহিলা শাখার কর্মিসভা।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মহিলা কর্মী ও নেত্রীমণ্ডলী এদিনের সভায় যোগ দেন। কর্মিসভার মূল লক্ষ্য ছিল মহিলা সংগঠনকে আরও সুসংগঠিত করা, সমাজে মহিলাদের ক্ষমতায়ন ও আগামী দিনে দলীয় কার্যক্রমে মহিলাদের আরও বেশি করে যুক্ত করা।

সভায় বক্তারা মহিলাদের সামাজিক নিরাপত্তা, উন্নয়নমূলক কর্মসূচি ও রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে বিশদ আলোচনা করেন। পাশাপাশি আসন্ন নির্বাচনী কর্মসূচিতে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

এদিনের কর্মিসভায় উপস্থিত ছিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা শিশু ও মহিলা কল্যাণ দপ্তরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দার্জিলিং জেলা তৃণমূল মহিলা সভাপতি সুস্মিতা সেনগুপ্ত, তাঁর সঙ্গে ছিলেন পাপিয়া ঘোষ, তৃণমূল দার্জিলিং জেলা সমতল কোর কমিটির সদস্য গৌতম দেব, দার্জিলিং সমতলের একাধিক জেলা তৃণমূল নেতাকর্মীরা।

সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, “একদিকে যখন বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলার মানুষ আক্রান্ত হচ্ছে, অন্যদিকে এসে আবেগের কথা বললে বাংলার মানুষ কর্ণপাত করবে না। প্রধানমন্ত্রী যতবারই আসুন, বাংলার মানুষের অবস্থান বদলাবে না।”

তিনি আরও যোগ করেন, “প্রধানমন্ত্রী বারবার নির্বাচনের আগে বাংলায় আসেন। কিন্তু বাংলার মানুষ জানেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে কত উন্নয়নমূলক কাজ হয়েছে, কত প্রকল্প চালু হয়েছে। এগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ছোট ছোট বুথ মিটিং করতে হবে, লিফলেট প্রকাশ করতে হবে। প্রধানমন্ত্রী বাংলায় এসে কোনও লাভ করবেন না, বরং দেখে যান বাংলায় কিভাবে উন্নয়ন হয়েছে। বাংলার ভাষার বিরোধিতা করে বাংলার মানুষের সমর্থন আদায় সম্ভব নয়।”

তৃণমূল মহিলা কংগ্রেসের মতে, এই কর্মিসভা শুধু সংগঠনের ভিত মজবুত করাই নয়, আগামী দিনে মহিলাদের আরও দৃঢ়ভাবে রাজনীতির মূল স্রোতে যুক্ত করার পথ প্রশস্ত করবে।