ভুয়ো নথি ও জাল সইয়ের ফাঁদ! জমি কুড়োনোর ছক ভেস্তে, ধরা পড়ল দুই দালাল

শিলিগুড়ি শহর সংলগ্ন দেবীডাঙ্গা এলাকায় ফের জমি কেলেঙ্কারি। অভিযোগ, এক মহিলার সই জাল করে ও অন্য ছবি ব্যবহার করে সাড়ে একুশ কাঠা জমি হাতিয়ে নিয়েছে এক মাফিয়া চক্র। এরপর পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি করে সেই জমি নিজের স্ত্রীর নামে বিক্রিও করে দেওয়া হয়। প্রধাননগর থানার পুলিশ ইতিমধ্যেই জমি কারবারি ও এক সহযোগীকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে খবর, ধৃত অসীম দাস ইতিপূর্বেও পাঁচবার একই ধরনের অপরাধে অভিযুক্ত। এবারও ভুয়ো স্বাক্ষর ও নথি দেখিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি বানিয়ে স্ত্রীর নামে জমি বিক্রি করেছে। সহযোগী শুভম দাসকেও গ্রেপ্তার করা হয়েছে। নতুন দাস নামে ওই ‘স্ত্রী’র খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এদিকে প্রশ্ন উঠেছে এডিএসআর অফিসের ভূমিকা নিয়েও। প্রধাননগর থানার আইসি বাসুদেব সরকার জানান, জমি রেজিস্ট্রির সময় বায়োমেট্রিক যাচাই না হওয়ায় এই জালিয়াতি থামানো যাচ্ছে না। অন্যদিকে, অফিসের তরফে দাবি, সাধারণ নাগরিকদের বায়োমেট্রিক ডেটা না থাকায় ভেরিফিকেশন করা সম্ভব নয়।

একই ধরনের প্রতারণার শিকার হয়েছেন এক চিকিৎসকও। অভিযোগ, মাটিগাড়ায় ৬৪.৫ লক্ষ টাকায় ফ্ল্যাট কেনার চুক্তি হলেও, রেজিস্ট্রেশনের দিন বিক্রেতারা উধাও হয়ে যায়। পরে জানা যায়, যিনি নিজেকে ফ্ল্যাট মালিক পরিচয় দিয়েছিলেন, তিনি আদৌ মালিক নন। ঘটনায় মাটিগাড়া থানায় এফআইআর দায়ের হয়েছে।