সাইবার প্রতারণার জালে জড়াচ্ছে সাধারণ মানুষ। সামান্য অর্থের লোভে নিজের ব্যাঙ্ক একাউন্ট ভাড়া দিয়ে সর্বস্বান্ত হচ্ছেন অনেকেই। এমনই এক আন্তঃরাজ্য সাইবার প্রতারণা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করল কলকাতা বিধাননগর থানার সাইবার ক্রাইম শাখার পুলিশ। তাদের সহযোগিতা করেছে শিলিগুড়ির এনজেপি থানার পুলিশ।
শুক্রবার ফুলবাড়ি ও ডাবগ্রাম এলাকা থেকে গ্রেফতার করা হয় নাসির আহমেদ, রুকসার বিবি (ফুলবাড়ি পশ্চিম ধনতলা) ও রনি রানা (ডাবগ্রাম স্যাটেলাইট টাউনশিপ, নতুন বস্তি)-কে। শুক্রবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। আদালতের অনুমতিক্রমে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করবে বিধাননগর পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ ও ২০২৪ সালে বিধাননগর থানার সাইবার ক্রাইম শাখায় দুটি আলাদা মামলায় যথাক্রমে ১২ লক্ষ ও ৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়। সেই মামলার তদন্তে নেমেই একাধিক সূত্র ধরে অভিযান চালিয়ে পুলিশ এই তিনজনকে গ্রেফতার করে।
তবে এখনও পর্যন্ত ধৃতদের কাছ থেকে কোনো অর্থ উদ্ধার হয়নি বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ প্রাথমিক তদন্তে পেরেছে, অভিযুক্তরা একটি সংঘবদ্ধ প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত। এই চক্র সাধারণ মানুষের ব্যাঙ্ক একাউন্ট হ্যাক করে বা ভাড়া নিয়ে সেগুলিকে ব্যবহার করে প্রতারণার মাধ্যমে উপার্জিত অর্থ লেনদেন করতো। একাউন্ট ভাড়ার বিনিময়ে একাউন্ট হোল্ডারদের দেওয়া হতো কিছু নগদ টাকা।
পুলিশের ধারণা, গ্রেফতার তিনজন এই চক্রের সক্রিয় সদস্য ও তাদের সূত্র ধরেই গোটা চক্র ও মূল পান্ডার খোঁজে তদন্ত চালাবে বিধাননগর সাইবার ক্রাইম শাখা। তদন্তে উঠে আসতে পারে আরও চাঞ্চল্যকর তথ্য।
