চু*রি হওয়া লোকনাথের চাঁদির মূর্তি উদ্ধার, গ্রে*প্তার এক

প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং-এর বড় সাফল্য। প্রায় দুই লক্ষ টাকা মূল্যের চুরি যাওয়া বাবা লোকনাথের চাঁদির মূর্তি উদ্ধার করল পুলিশ। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বিজয় মাহাতো। সে শিলিগুড়ির প্রকাশ নগরের বাসিন্দা। গোপন সূত্রের ভিত্তিতে অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১ কেজি ওজনের চাঁদির মূর্তিটি উদ্ধার করে পুলিশ। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। এর আগেও একই ধরনের অপরাধে অভিযুক্তের বিরুদ্ধে মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

জানা যায়, গত ৬ তারিখ ভোরবেলা প্রধাননগর থানার অন্তর্গত একটি বাড়ির মন্দির থেকে বাবা লোকনাথের চাঁদির মূর্তিটি চুরি হয়ে যায়। ঘুম থেকে উঠে মন্দিরের তালা ভাঙা অবস্থায় দেখতে পান গৃহকর্তা বিশ্বজিৎ দাস। এরপর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন সূত্র খতিয়ে দেখে মূল অভিযুক্তকে চিহ্নিত করে। অবশেষে সফল অভিযানে মূর্তিটি উদ্ধার করে পুলিশ।