তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম তরুণের স্বপ্ন প্রকল্প, যার মাধ্যমে সরকারি বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য ট্যাব কিনতে ১০,০০০ টাকা করে দেওয়া হয়।
সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পাঠিয়ে দেওয়া হয়। তবে গত বছর অভিযোগ ওঠে, বহু পড়ুয়ার অ্যাকাউন্টে এই সরকারি স্কিমের টাকা ঢোকেনি। পরবর্তীতে এই ট্যাব কেলেঙ্কারির তদন্তে নেমে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। এবার এই ঘটনা থেকে ‘শিক্ষা’ নিয়েই বাংলার শিক্ষা পোর্টালের নিরাপত্তা বৃদ্ধির উদ্যোগ নিল রাজ্য।
বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, এবার থেকে যে কেউ চাইলে আর ইচ্ছেমতো এই ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন না। এর জন্য দরকার হবে ওটিপি। নতুন ব্যবস্থা চালু করতে আগামী ২০ এপ্রিল ও ২৫ এপ্রিল সংশ্লিষ্ট সার্কেল অফিসে এই বিষয়ক সকল তথ্য প্রধান শিক্ষকদের পাঠিয়ে দিতে হবে। তথ্য হিসেবে প্রধান শিক্ষকের নাম, আধার নম্বর ও মোবাইল নম্বর দিতে হবে।
