ভোটের আগে তৃণমূলের অস্বস্তি বাড়াচ্ছে কাওয়াখালী জমি আন্দোলন

ভোটের মুখে দাঁড়িয়ে কাওয়াখালির জমি আন্দোলন শাসক দল তৃণমূল কংগ্রেসের অস্বস্তি আরও বাড়িয়ে তুলেছে। কাওয়াখালির পোড়াঝাড় এলাকায় সরকারি জমি পুনর্দখলের দাবিতে বৃহস্পতিবার আন্দোলনে নামলো কাওয়াখালি ভূমি রক্ষা কমিটির জমিদাতারা।

আন্দোলনকারীদের অভিযোগ, প্রায় ২৪ বছর আগে জমি নেওয়া হলেও আজ পর্যন্ত সেই জমির উপযুক্ত ক্ষতিপূরণ পাননি ৩৫২ জন জমিদাতা। বারবার আশ্বাস মিললেও বাস্তবে রাজ্য সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলেই দাবি তাঁদের।

দীর্ঘ অপেক্ষার পর আর ধৈর্য রাখতে না পেরে এদিন সরকারি জমিতে বাঁশ পুঁতে বাড়িঘর তৈরির প্রস্তুতি শুরু করেন জমিদাতারা।

ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আর কোনও উপায় না পেয়েই তাঁরা এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

 কমিটির সদস্য মিঠুন সরকার বলেন, আজ হয় এসপার নয় ওসপার। ২৪ বছর ধরে অপেক্ষা করেছি। আর নয়।

এদিকে সরকারি জমিতে এই পুনর্দখলের উদ্যোগ ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে। ভোটের ঠিক আগে এমন আন্দোলন রাজনৈতিকভাবে শাসক দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে আন্দোলন আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিয়েছে কাওয়াখালি ভূমি রক্ষা কমিটি।