আইপ্যাকের অফিসে ইডির অভিযানের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে তীব্র বিতর্ক দানা বাঁধল।
শিলিগুড়ি বিজেপির সাংগঠনিক জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এ নিয়ে বিস্তারিত মন্তব্য করেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ট।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজু বিস্ট বলেন, আইপ্যাকের অফিসে ইডি অভিযান চালানোয় যদি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এতটাই আপত্তি থাকে, তবে তার কারণ জনসমক্ষে স্পষ্ট করা উচিত।
কটাক্ষের সুরে তিনি বলেন, “আইপ্যাক একটি বেসরকারি সংস্থা। তদন্তকারী সংস্থা যদি আইন মেনেই অভিযান চালায়, তাহলে মুখ্যমন্ত্রীর এত অসুবিধা কেন? এতে স্পষ্ট হচ্ছে, কোথাও না কোথাও কিছু লুকোনোর চেষ্টা রয়েছে।”
তাঁর অভিযোগ, তদন্তকারী সংস্থার কাজে রাজনৈতিক হস্তক্ষেপের চেষ্টা করে রাজ্য সরকার আসলে সত্য আড়াল করতে চাইছে।
বিস্টের দাবি, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কৌশল নির্ধারণে আইপ্যাকের ভূমিকা নিয়ে আগেও নানা প্রশ্ন উঠেছে। সেই প্রেক্ষিতেই ইডির হানাকে কেন্দ্র করে রাজ্য সরকারের অস্বস্তি স্বাভাবিক নয় বলেই মন্তব্য করেন তিনি।
সাংসদের বক্তব্য, “যদি কোনও বেআইনি লেনদেন না থাকে, তাহলে তদন্তে ভয় পাওয়ার কোনও কারণ নেই।”
তিনি আরও বলেন, বিজেপি বরাবরই স্বচ্ছতা ও আইনের শাসনের পক্ষে।
তদন্তকারী সংস্থাকে তাদের কাজ করতে দেওয়াই গণতন্ত্রের স্বার্থে জরুরি। কোনও রাজনৈতিক দলের সুবিধার জন্য তদন্ত বন্ধ করার দাবি গণতন্ত্রের পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।
এদিনের সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট করে দেন, আইপ্যাকের অফিসে ইডির হানা নিয়ে বিজেপি রাজ্যজুড়ে জনমত গড়ে তুলবে।
রাজ্যের মানুষকে জানানো হবে কে ও কীভাবে ক্ষমতার অপব্যবহার করছে এই বার্তাই জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।
