আন্ডারপাসের বেহাল দশায় বাড়ছে ভোগান্তি

শিলিগুড়ির জাবরাভিটা আন্ডারপাস দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। খানা – খন্দে ভরা রাস্তাটি বছরের অধিকাংশ সময় জলমগ্ন থাকায় নিত্যদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। এর ফলে একদিকে যেমন যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, তেমনই প্রতিদিন বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি। সম্প্রতি আন্ডারপাস সংলগ্ন এলাকায় একটি নোটিস বোর্ড লাগানো হয়েছে, যেখানে উল্লেখ করা রয়েছে রাস্তাটি ভারতীয় রেলওয়ের অধীনে ও এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব রেল কর্তৃপক্ষের।

জানা গিয়েছে, শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকেই এই নোটিস লাগানো হয়েছে।  এই নোটিস ঘিরেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, আসলে দায়িত্ব কার পৌর নিগমের নাকি ভারতীয় রেলওয়ের? দায়িত্ব নিয়ে টানাপোড়েনের মাঝেই চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

এ প্রসঙ্গে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, “শিলিগুড়িতে ভারতীয় রেলের অধীনে বহু রাস্তা রয়েছে, যেগুলি দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় পড়ে আছে। রেল যদি তাদের রাস্তা ঠিক না করে, তাহলে সাধারণ মানুষ পৌর নিগমকেই দোষ দেবে। সেই কারণেই ওই সব রাস্তায় স্পষ্ট করে মার্কিং করে দিচ্ছি যে এগুলি রেলের অধীন। রাস্তা ঠিক করা রেলেরই দায়িত্ব।”

এদিকে স্থানীয়দের দাবি, দায়িত্ব নির্ধারণের পাশাপাশি দ্রুত জাবরাভিটা আন্ডারপাসের রাস্তা সংস্কার ও স্থায়ী জলনিকাশির ব্যবস্থা করা হোক, যাতে প্রতিদিনের এই দুর্ভোগ থেকে রেহাই মেলে।