খারিজ হলো আবেদন, জোর ধাক্কা খেলো তৃণমূল নেতা। ২০২৪ সালের জুলাই মাসেই তৃণমূল সাংসদকে ৫০ লক্ষ টাকা জরিমানা করেছিল দিল্লি হাইকোর্ট। সমাজমাধ্যমে অবমাননাকর মন্তব্যের অভিযোগে তাঁকে এই বিপুল পরিমাণ অর্থ জরিমানা দেওয়ার নির্দেশ দেয় আদালত।
এই রায় ফের বিবেচনা করার আবেদন জানিয়েছিলেন তৃণমূল সাংসদ। তবে সেই আর্জি খারিজ করে দিল আদালত। ২০২১ সালের জুন মাসে ধারাবাহিকভাবে বেশ কিছু টুইট করেছিলেন জোড়াফুল সাংসদ সাকেত গোখলে। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী ও তাঁর স্ত্রী তথা সাবেক কূটনীতিক লক্ষ্মী পুরীর সুইজারল্যান্ডে কেনা আবাসন নিয়ে নানান প্রশ্ন তোলেন।
পুরী দম্পতির সম্পত্তির বিষয়ে ইডি তদন্ত চাওয়ার পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ওই টুইটগুলিতে ট্যাগ করেছিলেন সাকেত। এই নিয়ে জল গড়ায় আদালত অবধি। উচ্চ আদালতের তরফ থেকে তাঁকে ৫০ লক্ষ টাকা জরিমানা করা হয়।
