রাস্তা সম্প্রসারণের কাজ চলাকালীন মন্দিরের একাংশ ভাঙা ঘিরে উত্তেজনা, আশ্বস্ত করলেন মেয়র গৌতম দেব

গত বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি থানামোড় সংলগ্ন এসএফ রোডে বজরংবলী মন্দিরের একাংশ ভেঙে যাওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় রাস্তা সম্প্রসারণের কাজ চলাকালীন অসাবধানতাবশত মন্দিরের দেওয়ালের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পরই হিন্দু সংগঠনগুলির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে মন্দির পুনর্নির্মাণের দাবি তুলে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

এদিন শনিবার ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। পরিস্থিতি খতিয়ে দেখে তিনি জানান, “ইতিহাস বিজড়িত স্বাধীনতা সংগ্রামের একটি মূর্তি বসানোর কাজ চলছিল। সেই কাজের সময় অনিচ্ছাকৃতভাবে মন্দিরের একাংশ ভেঙে গিয়েছে। প্রশাসনের তরফ থেকে দ্রুত মন্দিরটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।”

সঙ্গে এও সতর্ক করেন, “ধর্ম নিয়ে কেউ যদি রাজনীতি করতে চায়, বা রাজনৈতিক উদ্দেশ্যে উত্তেজনা ছড়াতে চায়, তা কখনো বরদাস্ত করা হবে না। গোটা ঘটনার পেছনে কারা ইন্ধন জুগিয়েছে তা খতিয়ে দেখা হবে।”

বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও, পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে যাতে পুনরায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।