ফের অশান্তি ফুলবাড়ী ভারত – বাংলাদেশ সীমান্তে। সকাল থেকেই থমথমে পরিবেশ। অভিযোগ, ভুটান থেকে প্রতিদিন প্রায় হাজারখানেক ট্রাক পাথর নিয়ে বাংলাদেশে ঢুকলেও, ভারতীয় ট্রাকচালকরা সেই সুবিধা থেকে বঞ্চিত। এর জেরে চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন বহু ভারতীয় ট্রাকচালক ও মালিক।
গত এক সপ্তাহ ধরে সীমান্তে অবস্থান বিক্ষোভে সামিল ছিলেন ভারতীয় ট্রাকচালকরা। এক সপ্তাহ আগে ভুটানের ট্রাক আটকাতে গেলে পুলিশ হস্তক্ষেপ করে আন্দোলনকারীদের সরিয়ে দেয়। পরে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের আশ্বাসে সাময়িকভাবে অবরোধ তুলে নেওয়া হলেও, সমস্যার মূল সুরাহা হয়নি বলে দাবি।
এদিন থেকে ফের উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ভারতীয় চালকরা ফের ভুটানের ট্রাক আটকালে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে হস্তক্ষেপ করে। সেই সময় শুরু হয় ধস্তাধস্তি। কয়েকজন বিক্ষোভকারীকে আটকও করা হয়। এরপর আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে, শুরু হয় ফের অবরোধ।
শেষমেশ, পুলিশের কঠোর পদক্ষেপে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয় ও যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। তবে পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলা যায় না। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় বাসিন্দা ও চালকদের দাবি, যতদিন না সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে, ততদিন এই ধরনের আন্দোলন চলতেই থাকবে।
