বিগত বেশ কিছু সময় ধরে উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যে, নানান প্রান্তে প্রতিবাদ হচ্ছে। জল গড়িয়েছে বহুদূর। এদিকে তার প্রভাব গৃহস্থের হেঁশেল থেকে ছড়িয়ে পড়েছে স্কুলের মিড ডে মিলেও। রান্নার গ্যাসের সঙ্কটে মাথায় হাত মধ্যবিত্তের।
গ্যাসের ঘাটতির জেরে থেকেই অনেক স্কুলে পড়ুয়াদের রান্না করা খাবারের পাট চুকেছে। পাতে পড়ছে শুধু সেদ্ধ ডিম। পরিস্থিতি স্বাভাবিক না হলে সেটুকুই বা কতদিন দেওয়া যাবে তা নিয়ে আশঙ্কায় প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা। জানা যাচ্ছে, হুগলির ‘পিএম পোষণ’ প্রকল্পের ভারপ্রাপ্ত আধিকারিকের তরফে মিড ডে মিলের প্রকল্প অধিকর্তার কাছে এক চিঠি গিয়েছে।
সেখানে বলা হয়েছে, জেলায় রান্নার গ্যাসের সঙ্কট তৈরি হয়েছে। এমতাবস্থায় যদি দ্রুত রাজ্যস্তরে হস্তক্ষেপ না করা হয় তবে স্কুল পড়ুয়াদের মিড ডে মিলে সমস্যা তৈরি হতে পারে। অন্যদিকে শহরতলির অনেক স্কুল পরিস্থিতি দেখে কাঠ, কয়লার উনুনের বিকল্প ব্যবস্থা করছে। কিন্তু কাঠের জোগানও তো পর্যাপ্ত নয়। এভাবে কতদিন চলবে তা নিয়ে উঠছে প্রশ্ন।
