সারা ভারত কৃষক সভার দার্জিলিং শাখার মহকুমা পরিষদ অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি

সারা ভারত কৃষক সভার দার্জিলিং শাখার উদ্যোগে আয়োজিত মহকুমা পরিষদ অভিযান ঘিরে উত্তেজনা ছড়াল শিলিগুড়িতে। মিছিল করে শিলিগুড়ি মহকুমা পরিষদের সামনে পৌঁছতেই আন্দোলনকারীদের রুখে দেয় পুলিশ। গেট আটকে দেওয়া হলে শুরু হয় ধাক্কাধাক্কি। একপ্রকার জোর করেই আন্দোলনকারীরা গেট ভেঙে ঢুকে পড়েন মহকুমা পরিষদ চত্বরে।

আন্দোলনকারীদের দাবি, গোটা মহকুমাজুড়ে পঞ্চায়েতি ব্যবস্থার বিপর্যয় চলছে। জেলা সভাপতি ঝরেন রায় অভিযোগ করেন, “সেচ নালা থেকে কৃষিজমি, ১০০ দিনের কাজ থেকে কৃষকদের প্রাপ্য অধিকার—সব কিছুতেই দুর্নীতি হচ্ছে অথচ মহকুমা পরিষদের সভাধিপতি নীরব দর্শকের ভূমিকা পালন করছে।”

তিনি আরও জানান, রাজ্যের শাসকদলের প্রশ্রয়ে প্রশাসনিক স্তরেই এই দুর্নীতির রমরমা চলছে। কৃষকসভার তরফে এদিন প্রশাসনের কাছে ১০ দফা দাবি তুলে ধরা হয়।

ঘটনাস্থলে পুলিশবাহিনী মোতায়েন করা হলেও পরিস্থিতি শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আসে। কৃষক সভার পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে তারা।