উত্তরের অন্যতম বৃহৎ চিকিৎসা প্রতিষ্ঠান উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন প্রায় ২৫৪ জন অস্থায়ী কর্মী। এই বিক্ষোভের ফলে ব্যাহত হয় হাসপাতালের স্বাভাবিক পরিষেবা। রোগী ও তাদের পরিজনদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়।
অস্থায়ী কর্মীদের অভিযোগ, প্রায় ছয় মাস আগে হাসপাতালের অস্থায়ী কর্মী নিয়োগের দায়িত্ব পায় কলকাতার একটি বেসরকারি সংস্থা। সেই সংস্থা দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক অনিয়ম শুরু হয় বলে অভিযোগ। মে মাসেও বেতন বিলম্ব, প্রভিডেন্ট ফান্ড (PF), ও এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স (ESI) জমা না করার অভিযোগ তোলে কর্মীরা। সেই সময় সুপার, অধ্যক্ষ ও রোগী কল্যাণ সমিতির কাছে অভিযোগ জানানো হলেও কোনও স্থায়ী সমাধান মেলেনি।
অস্থায়ী কর্মীরা আরো জানান, তারা দীর্ঘদিন ধরে বিনা সুরক্ষায় কাজ করে চলেছে। নিয়োগ সংস্থার তরফে প্রতিশ্রুতি দিলেও কোনও বাস্তব পদক্ষেপ দেখা যায়নি। সেই ক্ষোভ থেকেই ফের পথে নামতে বাধ্য হয়েছে তাঁরা।
চলমান এই আন্দোলনের ফলে হাসপাতালের প্রশাসনিক কর্তৃপক্ষের ভূমিকা ও নিয়োগ ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে বিক্ষোভকারী অস্থায়ী কর্মীরা।
