বাড়ি বা দোকান নয়, এবার চোরের নিশানায় মন্দির। নিজের পাড়াতেই শিবমন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে। তবে ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে বড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ির অ্যান্টি ক্রাইম উইং।
জানা গিয়েছে, পূর্ব চয়ন পাড়া এলাকার একটি শিবমন্দিরে গত ১৩ ডিসেম্বর গভীর রাতে চুরির ঘটনা ঘটে। রাতের অন্ধকারে মন্দিরের চূঁড়া চুরি করে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতী। পরদিন ১৪ ডিসেম্বর বিষয়টি সামনে আসতেই মন্দির কর্তৃপক্ষ আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আশিঘর ফাঁড়ির অ্যান্টি ক্রাইম উইং দ্রুত অভিযানে নামে। মাঝরাতে অভিযান চালিয়ে পূর্ব চয়ন পাড়া এলাকা থেকেই অভিযুক্ত রঞ্জন দাস ওরফে ভুলনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার বাড়ি থেকেই মন্দির থেকে চুরি হওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করে পুলিশ।
সোমবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। এলাকায় একের পর এক চুরি ও ছিনতাইয়ের ঘটনার মাঝে পুলিশের এই দ্রুত সাফল্যে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা।
