দার্জিলিংয়ে বোনাস বিতর্কে ফের বন্ধ চা বাগান, চরম অনিশ্চয়তায় শ্রমিকরা


পুজোর বোনাস ইস্যুতে ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তরবঙ্গের চা শিল্প। দার্জিলিংয়ের সুম চা বাগানে শনিবার ‘সাসপেনশন অফ ওয়ার্কস’-এর নোটিশ জারি করে বাগান বন্ধ ঘোষণা করল কর্তৃপক্ষ। এর ফলে কর্মহীন হয়ে পড়েছেন শতাধিক শ্রমিক, যাঁদের অনেকেই ইতিমধ্যেই আর্থিক সংকটে ভুগছেন।

চা শ্রমিকদের দাবি, চলতি বছরে পুজোর বোনাস ২০ শতাংশ হওয়া উচিত। কিন্তু মালিকপক্ষ ১৬ শতাংশের বেশি দিতে নারাজ। তাঁদের যুক্তি, খরা ও উৎপাদন হ্রাসের কারণে লাভ কমেছে, তাই বোনাসও লাভের অনুপাতে নির্ধারিত হবে। এই মতবিরোধ থেকেই শ্রমিক-মালিক সংঘাত চরমে ওঠে।


শ্রমিকদের অভিযোগ, পাতা তোলার মরশুম শেষ হওয়ায় এখন তাঁদের আয়ের কোনও উৎস নেই। মার্চ মাসে নতুন মরশুম শুরু হওয়ার আগে পর্যন্ত এই বন্ধ অবস্থায় পরিবার চালানো কঠিন হয়ে পড়বে। ইতিমধ্যেই পাহাড়, তরাই ও ডুয়ার্স মিলিয়ে ২৫টিরও বেশি চা বাগান বন্ধ রয়েছে, যার মধ্যে গত তিন মাসেই বন্ধ হয়েছে ৯টি বাগান।


দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীকেও বিষয়টি জানানো হয়েছে। শ্রম দফতর ফের ত্রিপাক্ষিক বৈঠকের উদ্যোগ নিচ্ছে বলে সূত্রের খবর।