মেসি কান্ডে অরূপ-সুজিতের গ্রেপ্তারের দাবি শুভেন্দুর

যুবভারতীর ঘটনায় বিশৃঙ্খলার দায় সরাসরি রাজ্য সরকারের দিকে চাপালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । পাশাপাশি সদ্য ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া অরূপ বিশ্বাস ও দমকলমন্ত্রী সুজিত বসুর গ্রেপ্তারের দাবিতে তৃণমূলকে আক্রমণ শানান তিনি। বিজেপি নেতার অভিযোগ, ভোটের মুখে মেসিকে এনে প্রচারের খরচ তুলতে ৩০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে।

যুবভারতীর ঘটনার পর বুধবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন শুভেন্দু। কিন্তু বাধার মুখে পড়েন তিনি। অভিযোগ, যুবভারতীর সব গেট বন্ধ করে দেওয়া হয়। শুভেন্দুর কথায়, এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে এলেন না। বিরোধী দলনেতা হিসেবে তিনি গেলেও ঢুকতে দেওয়া হল না বলে অভিযোগ তোলেন তিনি। রাজ্য সরকার প্রকৃত ঘটনা ধামাচাপা দিতে তাঁকে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মুখ্যমন্ত্রীর নির্দেশে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। তাঁর স্পষ্ট বক্তব্য, রাজ্যের প্রভাবমুক্ত কমিটি না হলে সত্য সামনে আসবে না। এনিয়ে ইতিমধ্যে হাইকোর্টে মামলাও দায়ের করেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।