মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আরও কড়া করতে চাইছে নির্বাচন কমিশন। ভোট প্রক্রিয়া যাতে আরও স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই পর্যবেক্ষকের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।
এবার প্রায় প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা পর্যবেক্ষক নিয়োগের ভাবনা চলছে। নির্বাচন কমিশন সাধারণত ভোটের সময় তিন ধরনের পর্যবেক্ষক নিয়োগ করে থাকে। এর মধ্যে সাধারণ পর্যবেক্ষক গোটা ভোট প্রক্রিয়ার উপর নজর রাখেন। এছাড়াও থাকেন পুলিশ পর্যবেক্ষক এবং আয়-ব্যয়ের নজরদারির পর্যবেক্ষক। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের ভূমিকার উপর নজর রাখেন পুলিশ পর্যবেক্ষকরা।
অন্যদিকে রাজনৈতিক দলের প্রার্থীরা কোথায় কত খরচ করছেন, তার হিসাব দেখেন আয়-ব্যয়ের পর্যবেক্ষক। কমিশন সূত্রে জানা গিয়েছে, এবারের নির্বাচনে এই তিন ধরনের পর্যবেক্ষকের সংখ্যাই বাড়ানো হতে পারে। বিশেষ করে সাধারণ পর্যবেক্ষকের সংখ্যা বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী অধিকাংশ বিধানসভা কেন্দ্রেই একজন করে পর্যবেক্ষক নিয়োগ করা হতে পারে।
