সম্প্রতি একটি অনুষ্ঠানে বলিউড অভিনেতা সুনীল শেঠি তাঁর একজন অনুকরণকারী শিল্পীর সঙ্গে বিতর্কে জড়িয়েছেন। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সুনীল তাঁর অনুকরণ করার জন্য ওই শিল্পীকে তিরস্কার করছেন। সুনীলের এই আচরণে দর্শক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা হতবাক হয়েছেন। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
ভিডিওতে সুনীলকে সরাসরি শিল্পীর দিকে তির্যক মন্তব্য করতে দেখা যায়। তিনি বলেন, “তখন থেকে এই ভদ্রলোক আমার কণ্ঠে ভিন্ন ভিন্ন সংলাপ বলে চলেছেন। এত জঘন্য অনুকরণ আমি জীবনে দেখিনি। যখন সুনীল শেঠি কথা বলেন, তখন একজন পুরুষের মতো কথা বলেন।”
সুনীলের তিরস্কারে শিল্পী দৃশ্যত বিব্রত হয়ে পড়েন। তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে বলেন, “দুঃখিত স্যার, আমি আপনার অনুকরণ করার চেষ্টা করছিলাম না।”
সুনীল এরপর আরও কঠোর মন্তব্য করেন, “চেষ্টাও করো না, খোকা। সুনীল শেঠি হতে এখনও অনেক সময় লাগবে। পেছনে চুল বাঁধলে কিছু হয় না… মনে হচ্ছে সে সুনীল শেঠির অ্যাকশন ফিল্ম দেখেনি।”
এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং অনেকেই সুনীলের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকেই বলছেন, একজন শিল্পীর প্রতি এমন আচরণ একজন সিনিয়র অভিনেতার কাছ থেকে অপ্রত্যাশিত।
