আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের স্বার্থে ঘটনাস্থলে পাঁচ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। গার্ডরেলে নোটিস সাঁটিয়ে এই নির্দেশ জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ভিড় জমলে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা থাকায় বারুইপুর আদালতের অনুমতি নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত রবিবার রাত প্রায় ৩টে নাগাদ নাজিরাবাদ এলাকায় দু’টি গুদামে আগুন লাগে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রথমে আগুন লাগে একটি ডেকরেটার্সের গুদামে। পরে আগুন ছড়িয়ে পড়ে ওয়াও মোমো-র গুদামেও। এই ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর মিলেছে। উদ্ধার হয়েছে ২১টি দেহাংশ, যা একাধিক ব্যক্তির কি না, তা এখনও নিশ্চিত নয়। নিখোঁজ হিসেবে ২৭ জনের নাম থানায় নথিভুক্ত হয়েছে।
বৃহস্পতিবার সকালেও ঘটনাস্থলে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। জেসিবি ও ক্রেনের সাহায্যে পোড়া গুদামের অবশেষ সরানো হচ্ছে। এদিকে, দুপুরে ঘটনাস্থল পরিদর্শনের কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর কর্মসূচি ঘিরে ১৬৩ ধারা জারি করায় বিষয়টি আদালতে গড়িয়েছে এবং মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আনন্দপুর অগ্নিকাণ্ডে কড়া পুলিশি নজর, পাঁচের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা
