আলিপুরদুয়ারে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে রাজ্যের মন্ত্রী, দুয়ারে সরকার শিবিরে ক্ষতিগ্রস্তদের হাতে নথিপত্র প্রদান

সম্প্রতি প্রবল বৃষ্টিপাত ও নদীর জলস্তর বৃদ্ধির ফলে আলিপুরদুয়ার জেলার একাধিক অঞ্চল বন্যা কবলিত হয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের শালকুমারহাট, জলদাপাড়া ও নতুনপাড়া অঞ্চলের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক।

মন্ত্রী মলয় ঘটক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এলাকা পরিদর্শনে যান। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক, আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল এবং প্রশাসনের অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। তাঁরা বন্যা বিধ্বস্ত এলাকায় ঘুরে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং সরকারি ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখেন।

এদিন ‘দুয়ারে সরকার’ শিবিরে উপস্থিত হয়ে মন্ত্রী বন্যায় হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ নথিপত্র যেমন রেশন কার্ড, আধার কার্ড, জন্ম ও মৃত্যুর শংসাপত্র ইত্যাদি ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন। পাশাপাশি, দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন তিনি।

রাজ্য সরকারের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির তালিকা তৈরি করে পর্যায়ক্রমে সকলকে সাহায্য পৌঁছে দেওয়া হবে।