শহরে ফের দুঃসাহসিক চুরির ঘটনা! শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত সুকান্ত পল্লি এলাকায় নেশা জাতীয় স্প্রে ব্যবহার করে চুরির অভিযোগ।
জানা গিয়েছে, সুকান্ত পল্লির বাসিন্দা সুনীল কুমার সিং-এর বাড়িতে গভীর রাতে চুরির ঘটনা ঘটে। অভিযোগ, চোরেরা পরিবারের সদস্যদের অচেতন করতে কোনো বিশেষ মাদকজাত দ্রব্য বা স্প্রে ব্যবহার করে। এরপর ঘরে ঢুকে তারা লক্ষাধিক টাকার সোনার গয়না ও নগদ অর্থ নিয়ে চম্পট দেয়।
সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা চুরির ঘটনা টের পাই। ঘরের লকার ভাঙা অবস্থায় সাথে জিনিসপত্র এলোমেলো দেখে তারা সঙ্গে সঙ্গেই নিউ জলপাইগুড়ি থানায় খবর দেই।
সুনীলবাবু জানান, “ঘটনার রাতে আমরা স্বাভাবিক ভাবেই ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখি লকার ভাঙা, গয়না-টাকা সব উধাও। মনে হচ্ছে, অচেতন করার জন্য কোনো নেশাদ্রব্য ব্যবহার করা হয়েছে।”
পুলিশ সূত্রে খবর, এটি একটি সুপরিকল্পিত চুরির ঘটনা। দুষ্কৃতীরা পূর্বপরিচিত কেউ হতে পারে বলেই প্রাথমিক অনুমান। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে ও ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
