ধর্মীয় উৎসব শুধু আনন্দের নয়, তা মানবিকতার বার্তাও বহন করে—আর সেই নজিরই গড়ল শিলিগুড়ি স্টুডেন্টস সোসাইটি। রথযাত্রার পবিত্র দিনে শহরের রিকশাচালকদের মুখে হাসি ফোটাতে এক অভিনব উদ্যোগ নিল এই সংগঠন।
প্রতি বছরের মতো এ বছরও সংগঠনের তরফে আয়োজিত হয় এক বিশেষ কর্মসূচি। প্রায় ১০ জন রিকশাওয়ালার হাতে তুলে দেওয়া হয় ২১ রকমের শুকনো খাবার। শুধু তাই নয়, তাঁদের নিজেদের রিকশাতেই বসিয়ে শহরের বিভিন্ন পথ ঘোরানো হয়, রথযাত্রার উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া হয় তাঁদের সঙ্গে।
এই ব্যতিক্রমী উদ্যোগ শহরের পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে। অনেকেই এই মানবিক চিত্র দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।
সংগঠনের জানানো হয় “রিকশাওয়ালারা সমাজের অদৃশ্য রক্তসঞ্চালন। তাঁরা সারাদিন পরিশ্রম করে শহরকে সচল রাখেন। আজকের এই ছোট্ট প্রয়াসে যদি তাঁদের মুখে একটুও হাসি ফোটে, তাহলেই এই উদ্যোগ সার্থক।”
শুধু একটি দিনের সাহায্য নয়, এই কর্মসূচি সমাজকে সহানুভূতির গুরুত্ব বুঝিয়ে দেয়। রথযাত্রার দিন এক মানবিক বার্তা ছড়িয়ে দিল শিলিগুড়ি স্টুডেন্টস সোসাইটি।
