রবিবার গভীর রাতে গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি সংলগ্ন দেবীডাঙা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, রাতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। সেই সংঘর্ষের মধ্যেই গুলি চালানো হয় বলে পুলিশ সূত্র খবর। ঘটনায় দীপক কামতি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড কার্তুজ।
জানা গেছে, প্রধান নগর থানার পুলিশ সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালানো হয়। তখনই দেবীডাঙার একটি ঝোপের আড়াল থেকে দীপককে অস্ত্র সহ আটক করা হয়। তবে দীপক ছাড়া সংঘর্ষে জড়িত বাকি ব্যক্তিরা কারা, সে বিষয়ে তদন্ত এখনও চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই বালি ও পাথর সিন্ডিকেটের প্রভাব রয়েছে। একাংশের মতে, এই গুলি চালানোর ঘটনাটিও বালি পাচার চক্রের অভ্যন্তরীণ লড়াইয়ের ফল হতে পারে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা ঘিরে মানুষজনের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।
অন্যদিকে, এত রাতে নির্জন স্থানে দুই গোষ্ঠীর উপস্থিতি ও সংঘর্ষের উদ্দেশ্য নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখছে বলে জানা গেছে।
