দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে শোভন–বৈশাখী, রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে

উত্তরবঙ্গ সফরে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৃহস্পতিবার সকালে দার্জিলিংয়ের রিচমন্ড হিলে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বৈশাখী বন্দ্যোপাধ্যায়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই বৈঠক ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

বৈঠক শেষে শোভন ও বৈশাখী সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য না করলেও, তৃণমূল সূত্রে খবর, ভাইফোঁটার পরেই শোভনের সক্রিয় রাজনীতিতে প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর আগে গত ২৫ সেপ্টেম্বর কলকাতায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দীর্ঘ বৈঠক করেছিলেন এই দুই নেতা।

উল্লেখ্য, শোভন চট্টোপাধ্যায় এক সময় কলকাতা পুরসভার মেয়র এবং রাজ্যের মন্ত্রী ছিলেন। পরে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন, যদিও সেখানে সক্রিয়তা ছিল সীমিত। সাম্প্রতিক সময়ে তাঁর তৃণমূলে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠককে অনেকেই রাজনৈতিক পুনর্বাসনের ইঙ্গিত হিসেবে দেখছেন। তবে দলীয় স্তরে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।