আইন মহলে শো*কের ছায়া, সমাজ হারাল অভিজ্ঞ আইনজীবী অরুণ মিশ্রকে

শিলিগুড়ি মহকুমার রাঙাপানির এলাকায় ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন শিলিগুড়ির অভিজ্ঞ আইনজীবী অরুণ মিশ্র (৫৫)। বৃহস্পতিবার এই ঘটনায় শিলিগুড়ির আইনজীবী মহল, পরিবার ও পরিচিত মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

প্রয়াত অরুণ মিশ্র শহরের শিলিগুড়ির মিলনপল্লীর বাসিন্দা ছিলেন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে আদালতে প্র্যাকটিস করতেন তিনি। অভিজ্ঞতা, শান্ত স্বভাব ও সহকর্মীদের পাশে দাঁড়ানোর জন্য আইন মহলে তাঁর যথেষ্ট সুনাম ছিল। শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহ-সভাপতি হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন।

অরুণবাবুর আকস্মিক প্রয়াণে সহকর্মীরা জানান, তিনি ছিলেন এমন এক ব্যক্তি যিনি নবীন আইনজীবীদের সবসময় উৎসাহ দিতেন। একাধিক মামলায় তাঁর যুক্তি ও লড়াই নজর কেড়েছিল। তাঁর মৃত্যুকে অনেকেই আইন মহলের জন্য “অপুরণীয় ক্ষতি” বলে মন্তব্য করেছেন।

পরিবারে নেমে এসেছে গভীর শোক। অরুণবাবু আদালতের কাজে যাওয়ার কথা বলে বেরিয়েছিলেন, কিন্তু তাঁর এভাবে না ফেরার যাত্রা কেউ কল্পনাও করতে পারেনি।

রেল ও পুলিশ সূত্রে প্রাথমিক অনুমান, ঘটনাটি আত্মহত্যা হতে পারে। তবে পরিবার ও সহকর্মীরা মনে করছেন, ব্যক্তিগত কোনো মানসিক চাপের কারণ খুঁজে বের করা জরুরি। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন এক শোকবার্তায় জানিয়েছে, “অরুণ মিশ্র শুধু একজন দক্ষ আইনজীবীই ছিলেন না, তিনি ছিলেন সহকর্মীদের কাছে একজন প্রিয় মানুষ। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”