শিক্ষা বাণিজ্যিকীকরণের প্রতিবাদে শিলিগুড়িতে ডিআই কার্যালয় অভিযান এসএফআই-এর

সরকারি বিদ্যালয়ে অতিরিক্ত ফি আদায়, শিক্ষক সংকট ও পরিকাঠামোগত দুরবস্থার অভিযোগ তুলে প্রতিবাদে পথে নামল ভারতীয় ছাত্র ফেডারেশন (এসএফআই)।

সোমবার শিলিগুড়ি শহরে এসএফআই দার্জিলিং জেলা কমিটির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে ডিআই কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পাশাপাশি বিক্ষোভকারীদের পক্ষ থেকে একাধিক দাবি তোলা হয়। তাঁদের দাবি, সরকারি বিদ্যালয়ে ভর্তির সময় কোনওভাবেই অতিরিক্ত ফি নেওয়া চলবে না, অবিলম্বে স্কুলগুলিতে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে ও সরকারি বিদ্যালয়গুলির পরিকাঠামোর সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। এসএফআই-এর অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষক স্বল্পতা ও পরিকাঠামোর অভাবে পড়াশোনার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ পরিবারের পড়ুয়াদের।
এদিন এসএফআই দার্জিলিং জেলা সম্পাদক অঙ্কিত দে বলেন, “শিক্ষাকে বাণিজ্যিক পণ্যে পরিণত করার যে চেষ্টা চলছে, তার বিরুদ্ধে ও সরকারি শিক্ষাব্যবস্থা রক্ষার দাবিতেই এই আন্দোলন।”