শিলিগুড়িতে আরএসএসের যুব সম্মেলন, কর্মীদের উদ্বুদ্ধ করলেন মোহন ভাগবত

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার শিলিগুড়ির সেবক রোডের একটি ভবনে অনুষ্ঠিত হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর যুব সম্মেলন। এই সম্মেলনে শিলিগুড়ি ছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় হাজার খানেক কর্মী অংশ নেন।

আরএসএস সূত্রে জানা গিয়েছে, সঙ্ঘের ১০০ বছর পূর্তি উপলক্ষে এই যুব সম্মেলনের আয়োজন করা হয়েছে। সঙ্ঘের যুব নেতৃত্বদের উদ্বুদ্ধ করতে এদিন কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তাঁর বক্তব্যে সংগঠনের আদর্শ, ভবিষ্যৎ লক্ষ্য ও যুবসমাজের ভূমিকার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রথম পর্ব ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। দ্বিতীয় পর্বে কর্মীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেওয়ার কথা রয়েছে মোহন ভাগবতের। এদিকে, শুক্রবার সেবক রোডের আরও একটি ভবনে সঙ্ঘের অভ্যন্তরীণ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, শুক্রবার রাতেই মোহন ভাগবত তাঁর পরবর্তী কর্মসূচির জন্য কলকাতার উদ্দেশে রওনা দেবেন।