স্বস্তির বৃষ্টি শিলিগুড়িতে, কমল তাপমাত্রা

বেশ কয়েকদিনের তীব্র গরম ও রোদের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নামল শিলিগুড়িতে। রবিবার গভীর রাতে শুরু হওয়া বৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া কিছুটা স্বস্তি এনে দেয় শহরবাসীর জন্য।

টানা দাবদাহে নাজেহাল ছিল শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকার মানুষজন। তাপপ্রবাহের জেরে দিনের বেলায় ফাঁকা পড়ে থাকছিল শহরের রাস্তাঘাট। তবে রবিবার গভীর রাতের বৃষ্টিতে অনেকটাই প্রশমিত হয়েছে গরমের প্রভাব।

তবে ঝোড়ো হাওয়ার জেরে শহরের কিছু এলাকায় গাছের ডাল ভেঙে পড়ে, যার কারণে সাময়িক যান চলাচলে সমস্যা তৈরি হয়। যদিও বড় কোনও দুর্ঘটনার খবর মেলেনি।

বৃষ্টির জেরে কমেছে শহরের তাপমাত্রা, মানুষজনও কিছুটা স্বস্তিতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনেও মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শহরজুড়ে এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন বাসিন্দারা।