নদিয়ার কালীগঞ্জের ঘটনায় রাজনৈতিক চাপানউতোর ক্রমেই বাড়ছে। সেই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার পথে নামল দার্জিলিং জেলা কংগ্রেস। শিলিগুড়ির হাসমিচক এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়, যা হিলকার্ট রোড হয়ে শহরের কেন্দ্রে গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণ করেন জেলা কংগ্রেসের একাধিক নেতা-কর্মী। তাঁরা কালীগঞ্জের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান। একইসঙ্গে কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে সিবিআই তদন্তের আহ্বান জানানো হয়।
জেলা কংগ্রেস নেতৃত্ব হুঁশিয়ারি দিয়ে জানায়, “যদি দোষীদের বাঁচানোর চেষ্টা হয় বা তদন্তে গাফিলতি দেখা যায়, তাহলে দল বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।”
ঘটনার প্রতিবাদে এদিন গোটা শহরে কড়া নিরাপত্তার চাদর ছিল। পুলিশের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
