কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অসিত চক্রবর্তীর বাড়িতে পুজোর আগে প্রায় পাঁচ লক্ষ টাকা চুরির ঘটনায় পুলিশের তদন্তের গতি নিয়ে প্রশ্ন উঠেছে। গত ২৩ সেপ্টেম্বর কোচবিহার শহরের মীনা কুমারী চৌপথির ভাড়া করা ফ্ল্যাট থেকে তাঁর স্ত্রীর চিকিৎসার জন্য রাখা নগদ টাকা চুরি যায়।
চুরি যাওয়ার পর চিকিৎসক অসিত চক্রবর্তী প্রথমে কোতোয়ালি থানায় এবং পরে জেলা পুলিশ সুপারের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বাড়ির পরিচারিকা, ফ্ল্যাটের নিরাপত্তারক্ষী, তাঁর গাড়ির চালকসহ মোট পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
তবে অভিযোগ, বারবার আবেদন ও সিসিটিভি ফুটেজ জমা দেওয়া সত্ত্বেও পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। অধ্যাপক-চিকিৎসক অসিত চক্রবর্তী জানান, দোষীরা এখনো ঘুরে বেড়াচ্ছে। এ প্রসঙ্গে কোচবিহার জেলা পুলিশ সুপার সন্দীপ কাররা বলেছেন, তিনি সদ্য দায়িত্ব নিয়েছেন এবং তদন্তের অগ্রগতি খতিয়ে দেখবেন।
