শিলিগুড়ি – কালিম্পং জাতীয় সড়কের সেবক আউটপোস্টের কাছে ধস। ১০ নম্বর জাতীয় সড়কের বাঘপুলের কাছাকাছি এলাকায় একটি যাত্রীবাহী গাড়ি ধসের কবলে পড়ে।
জানা গেছে, গাড়িটি কালিম্পং থেকে শিলিগুড়ির দিকে আসছিল। হঠাৎ ধস নামায় গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে গাড়িতে থাকা নিত্যযাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে যাওয়ায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে খবর, ধসে গাড়িটি প্রায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে সেবক ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। বর্তমানে ধস সরিয়ে গাড়ি উদ্ধারের কাজ চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পর্যটন মরশুমে পাহাড়ে যাত্রী ও পর্যটকদের যাতায়াতের সময় এই ধস নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। প্রশাসনের তরফে পাহাড়ি রাস্তায় সতর্কভাবে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
