যুবভারতীতে লিওনেল মেসির ইভেন্ট ঘিরে তৈরি হয় তুমুল বিশৃঙ্খলা। টিকিট কেটেও প্রিয় ফুটবলারকে ঠিক করে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। এই পরিস্থিতিতেই সোশ্যাল মিডিয়ায় মেসির সঙ্গে ছবি পোস্ট করে তুমুল কটাক্ষের শিকার হন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই স্ত্রীর পাশে দাঁড়িয়ে টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিচালক রাজ চক্রবর্তী। তবে এবার এই ঘটনা নিয়ে মুখ খুললেন খোদ শুভশ্রী।শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে সাফাই দিয়েছেন শুভশ্রী। তিনি জানিয়েছেন, বিনোদনজগতের প্রতিনিধি হিসেবে মেসির সঙ্গে দেখা করার আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। সেইমতো ঘটনার দিন সকালে তিনি হোটেলে পৌঁছে যান। অভিনেত্রীর কথায়, ‘সিনেদুনিয়ার প্রতিনিধি হিসেবে আমি এবং কৌশিক গঙ্গোপাধ্যায় উপস্থিত ছিলাম। সেখানে অ্যাক্টিভিটিটাই ছিল মেসি আসবেন, আমাদের সবার সঙ্গে দেখা করবেন এবং ছবি তুলবেন। আমি সাড়ে ৮টা নাগাদ হায়াতে পৌঁছই। দশটা পনেরো নাগাদ আমার সঙ্গে মেসির দেখা হয়। আমি ছবি তুলি এবং যখন আমি বেরিয়ে আসছি তখন ওদের জনসংযোগকারী টিমের তরফে থেকে আমাকে অনুরোধ করা হয়, যদি আমি যুবভারতীতে যাই, তাহলে ওদের খুব সুবিধে হয়। কারণ ওখানেও নানারকম ব্যবস্থাপনা ছিল।’ শাসকদলের বিধায়কের স্ত্রী বলেই কি টলিউড ইন্ডাস্ট্রি থেকে শুধুমাত্র শুভশ্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, সেই প্রশ্নও উঠেছে। এপ্রসঙ্গে শুভশ্রীর মন্তব্য, ‘এই উত্তর ওদের জনসংযোগকারী টিম বেশি ভালো দিতে পারবে।’তারপরই শুভশ্রী বলেন, ‘যুবভারতীতে যাওয়ার পর একটা নির্দিষ্ট তাঁবুতে বসে মেসির জন্য অপেক্ষা করছিলাম। এর মাঝেই আমার পিআর টিম থেকে সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি পোস্ট করা হয়। তবে যে সময়ে ছবিগুলি পোস্ট করা হয়েছে, সে সময়ে পোস্ট হয়নি কারণ সেখানে জ্যামার লাগানো ছিল। সাড়ে ১১টা নাগাদ মেসি ক্রীড়াঙ্গনে ঢোকেন এবং তাঁকে নিয়ে যে বিশৃঙ্খলা শুরু হয়, সেটা আমি নিজের চোখে দেখেছি। আমি নিজেই মেসিকে দেখতে পাচ্ছিলাম না, আপনারা কীভাবে দেখবেন? ওই তাঁবুতে থাকাকালীন আমি নিজে দেখেছি উদ্যোক্তাদের গাফিলতির জন্য কীভাবে একটা সুন্দর ইভেন্ট বিশৃঙ্খলায় পরিণত হয়।’ এই পরিস্থিতিতে সেখান থেকে বেরিয়ে যান শুভশ্রী। এরই মাঝে প্রযুক্তির গন্ডগোলের জেরে ছবিগুলি ইনস্টাগ্রামে পোস্ট হয়ে যায় বলে জানান অভিনেত্রী।শুভশ্রীর সংযোজন, ‘ছবিগুলি পোস্ট হতেই শুরু হয় আমাকে ট্রোল করা। আমাকে প্রোপাগান্ডা বানিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু হয়। আমাকে যেভাবে কটাক্ষ করা হচ্ছে যেন আমার জন্যেই হয়তো মেসিকে দেখতে পেলেন না আপনারা। কিন্তু আমি কি মাঠে ছিলাম? আমি মেসির পাশে মাঠে দাঁড়িয়েছিলাম? আমার কী দোষ? হোটেলে গিয়ে ছবি তোলা আমার দোষ? কেউ বলতে পারবেন যে, আমার ছবি তোলার জন্যই আপনারা মেসিকে দেখতে পাননি? আমি কি মাঠের কোথাও ছিলাম? ভুল সময়ে প্রযুক্তির কারণে ছবি পোস্ট হয়ে যাওয়া আমার ভুল হতে পারে। তবে এত ট্রোল সত্ত্বেও আমি কিন্তু পোস্ট সরাইনি।’ট্রোলারদের উদ্দেশেও ক্ষোভ উগরে দিয়ে শুভশ্রী বলেন, ‘বলিউডেও তো করিনা কাপুর গিয়েছিলেন। শাহরুখ খান আসেননি ছবি তুলতে? আমার দোষ কী! আমাকে কারও প্রাক্তন প্রেমিকা বলে কটাক্ষ করা হচ্ছে। ২০২৬ আসতে চলেছে। মহিলা হয়েও মহিলাদের এভাবে সম্বোধন করা হচ্ছে। আপনারা আমার সঙ্গে ঠিক করলেন তো?’ তিনি এও জানান, প্রথম দিকে মানুষের আবেগের কথা ভেবেই তিনি কিছু বলেননি। কিন্তু এবার তাঁর সন্তানদেরকেও হুমকি দেওয়া হচ্ছে। যা তিনি মেনে নিতে পারবেন না। তাই বাধ্য হয়েই এনিয়ে মুখ খুলেছেন বলে সাফ জানান শুভশ্রী।
এবার যুবভারতী কাণ্ড নিয়ে মুখ খুললেন শুভশ্রী
