ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং (NIOS) থেকে ডিএলএড (D.EL.ED) পাশ করা চাকরিপ্রার্থীদের জন্য এলো স্বস্তির খবর। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন যে, NIOS থেকে ডিএলএড পাশ করা শতাধিক চাকরিপ্রার্থী ২০২২ সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই চাকরিপ্রার্থীদের নথি যাচাই করতে হবে। যাঁরা যোগ্য বলে বিবেচিত হবেন, তাঁদের নাম বাছাই করে আরেকটি মেধা তালিকা (Merit List) তৈরি করতে হবে পর্ষদকে এবং তাঁদের নিয়োগে অংশগ্রহণের ব্যবস্থা করতে হবে।
প্রসঙ্গত, ২০২২ সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না পেরে NIOS থেকে ডিএলএড পাশ করা কয়েকশো চাকরিপ্রার্থী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ অনুযায়ী, এই চাকরিপ্রার্থীরাও নিয়োগে অংশ নিতে পারবেন। যদিও গত ৩০ মে প্রাথমিক শিক্ষা পর্ষদ নথি যাচাইয়ের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করে, যেখানে শুধুমাত্র সুপ্রিম কোর্টে মামলাকারীদের নাম ছিল। এই বিজ্ঞপ্তি নিয়েই নতুন করে বিতর্ক দানা বেঁধেছিল।
শুক্রবার হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে যে, শুধু সুপ্রিম কোর্টের মামলাকারীরা নন, NIOS থেকে ডিএলএড করা সমস্ত যোগ্য চাকরিপ্রার্থীরাই এই নিয়োগ প্রক্রিয়াতে অংশ নিতে পারবেন। স্বাভাবিকভাবেই এই রায়ে বহু চাকরিপ্রার্থী স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
