দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাচ্ছে খুব শীঘ্রই, এবার শীঘ্রই এসপ্ল্যানেড-শিয়ালদহ রুটে চালু হতে চলেছে মেট্রো। জানা গিয়েছে যে, রেলওয়ে সুরক্ষা কমিশন এই সংক্রান্ত ছাড়পত্র প্রদান করেছে। কমিশনার অফ রেলওয়ে সেফটি সুমিত সিঙ্ঘল গ্রিন লাইনের ওই নির্দিষ্ট অংশে মেট্রোর কাজ সম্পূর্ণ হয়েছে কিনা তা পরিদর্শনে গিয়েছিলেন।
মেট্রো লাইন থেকে শুরু করে আপৎকালীন ব্যবস্থা, সুড়ঙ্গ এবং ওই সুড়ঙ্গে হাওয়া-বাতাস চলাচলের ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে খুঁটিয়ে দেখে তিনি অন্তিম ছাড়পত্র প্রদান করেন। এদিকে, ওই পরিদর্শনে কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর অনুজ মিত্তল সহ মেট্রোর চিফ ইঞ্জিনিয়ার এবং আধিকারিকরাও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।
এই পরিষেবা শুরু হওয়ার পরেই সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মোট ১৬.৫৫ কিলোমিটার দীর্ঘ পথে মেট্রো চালানোর কথা ভাবা হবে।
