বন্যা ও ধ্বসে বিধ্বস্ত উত্তরবঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুর আগমণে ফের রাজনৈতিক উত্তাপ বাড়ল। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে তিনি পৌঁছান উত্তরবঙ্গের বিভিন্ন বন্যা কবলিত এলাকায়।
রিজিজু জানান, “প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশ দিয়েছে যাতে উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রীয় রিপোর্ট জমা দিই। যারা প্রিয়জন হারিয়েছে, তাঁদের পাশে দাঁড়ানোই আজ প্রধান লক্ষ্য।”
তবে তাঁর সফর শুধুমাত্র দুর্যোগ পরিদর্শনেই সীমাবদ্ধ থাকছে না। কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট করে বলেন, বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর যে হামলা হয়েছে, সে বিষয়েও রিপোর্ট তৈরি করে দিল্লিতে পাঠানো হবে। ইতিমধ্যেই এই হামলার ঘটনায় লোকসভার অধ্যক্ষ রাজ্য সরকারকে নোটিশ পাঠিয়েছে বলেও তিনি জানান।
রাজনৈতিক মহলের মতে, দুর্যোগের পাশাপাশি এই সফর এক নতুন রাজনৈতিক অঙ্কও তৈরি করছে। কারণ, একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই উত্তরবঙ্গের দুর্গত এলাকা পরিদর্শনে গিয়েছে, অন্যদিকে বিজেপির তরফে কেন্দ্রীয় মন্ত্রীর আগমন — দুই পক্ষের এই সমান্তরাল সফর উত্তরবঙ্গের রাজনীতিতে বাড়িয়ে দিয়েছে উত্তাপ।
প্রসঙ্গত, টানা বৃষ্টিতে দার্জিলিং, কালিম্পং, মিরিক সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা ভেসে গিয়েছে বন্যায়। তিস্তা ও তোর্সার জল প্রবল বেগে বইতে শুরু করায় ঘরছাড়া বহু মানুষ। বিপর্যস্ত এলাকা পরিদর্শনের মধ্যেই রাজনৈতিক বাকযুদ্ধেও রণক্ষেত্র হয়ে উঠেছে উত্তরবঙ্গ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় — এক্স হ্যান্ডেলে পাল্টা মন্তব্যে ইতিমধ্যেই সরগরম জাতীয় রাজনীতি।
