শিলিগুড়িতে ফ্লাইওভারের কাছে রহস্যজনক মৃ*ত্যু যুবকের

শহরের দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ফ্লাইওভারের কাছে রহস্যজনক ভাবে মৃত্যু হল ৩০ বছরের এক যুবকের। মৃতের নাম সাদ্দাম হোসেন, বাড়ি শিলিগুড়ির ডাঙ্গীপাড়া এলাকায়। সোমবার গভীর রাত রক্তাক্ত অবস্থায় তার দেহ উদ্ধার করে শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং-এর টহলদারি ভ্যান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই রাতে টহলদারি চলাকালীন ফ্লাইওভার সংলগ্ন পথে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশ। দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে। তার কাছে থাকা মোবাইল সহ নথিপত্র দেখে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তদন্তকারীরা। খবর পেয়েই হাসপাতালে ছুটে আসেন তাঁর আত্মীয়-স্বজন ও এলাকার বাসিন্দারা।

পরিবারের দাবি, সাদ্দাম গতকাল রাতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলো ও রাত বারোটার সময় বাড়ি ফেরার পথে কীভাবে এমন ঘটনা ঘটলো তা তারা বুঝে উঠতে পারছেন না। তাদের মতে, সাদ্দাম পুরোপুরি সুস্থ ছিলো, ফলে তার মৃত্যু সম্পূর্ণ রহস্যে ঘেরা।

মৃতদেহটি রাতভর শিলিগুড়ি জেলা হাসপাতালের মর্গে রাখা হয়। মঙ্গলবার দুপুরে সাদ্দামের দেহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও এই মৃত্যুকে সন্দেহজনক বলেই মনে করছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি থানার পুলিশ। ফ্লাইওভারের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

অপরিণত বয়সে সাদ্দামের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার পিছনে রয়েছে এক ছোট শিশু সন্তান। ময়না তদন্তের রিপোর্টেই পরিষ্কার হতে পারে মৃত্যু ঘিরে রহস্যের আসল কারণ।