শহরের প্রোমোটারদের দৌরাত্ম্য নিয়ে ফের সরব হল শহরবাসী। এবার ঘটনাস্থল হাকিমপাড়া তাও আবার মেয়রের বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে। রাস্তার এপার-ওপার জুড়ে বসানো একটি বড় লোহার গেট ঘিরে তৈরি হয় তীব্র বিতর্ক।
স্থানীয়দের অভিযোগ, সম্পূর্ণ বেআইনি ভাবে রাস্তার উপর গড়ে তোলা হয় এই লোহার কাঠামো। বিধায়কের দাবি, এই নির্মাণের জন্য পুর নিগমের অনুমতি প্রোমোটারের কাছে ছিল না।
স্থানীয় সূত্রে খবর, বিষয়টি নিয়ে ওয়ার্ডের বাসিন্দারা একাধিকবার অভিযোগও জানিয়েছিলেন বলে জানা যায়। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই দ্রুত পদক্ষেপ করে শিলিগুড়ি পুর নিগম।
অবিলম্বে বেআইনি গেট ভেঙে ফেলার নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পর পুরনিগমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাস্তার উপর বসানো লোহার গেটটি ভেঙে দেন।
তবে এই ঘটনাকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। কীভাবে বিনা অনুমতিতে এত বড় নির্মাণকাজ শুরু হল? প্রশাসনের নজর এড়িয়ে কি তা সম্ভব?
এ প্রসঙ্গে শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষের কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “বোরো চেয়ারম্যান ও মেয়রের বাড়ির এত কাছে একটি নির্মাণ হচ্ছে, আর তারা জানেন না এটা একেবারেই অসম্ভব।“
যদিও পুরনিগম সূত্রে থেকে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়েছে ও ভবিষ্যতেও বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ চলবে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
