গত বছর মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে তা হলো সিবিআইয়ের তদন্ত নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন নিহত তরুণী চিকিৎসকের বাবা-মা। এই পরিস্থিতিতে শিয়ালদহ আদালতে চতুর্থ স্ট্যাটাস রিপোর্ট দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরজি কর নির্যাতিতার পরিবারের আইনজীবী দাবি করেন, মৃত্যুর আগে ওই তরুণী চিকিৎসককে যাদের সঙ্গে দেখা গিয়েছিল, তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি। অর্থাৎ এই ধর্ষণ খুন কাণ্ডে ‘লাস্ট সিন থিওরি’ মেনে তদন্ত হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন নিহত চিকিৎসক পড়ুয়ার পরিবারের আইনজীবী।
তিনি আদালতে বলেন, ‘তদন্ত ধামাচাপা পড়া। আসল ঘটনা নিয়ে তদন্ত চলছে। তবে রিপোর্টে কিছুই থাকছে না’। স্ট্যাটাস রিপোর্টে কেবলমাত্র কপি পেস্ট থাকছে বলে অভিযোগ করেন তিনি। সেই সঙ্গেই প্রশ্ন, তদন্তকারী আধিকারিক কী করছেন? কলকাতা পুলিশ এই ঘটনায় যা তদন্ত করেছে, সেটাই চলছে।
