এসআইআর হেয়ারিংয়ে দীর্ঘ অপেক্ষা, মধ্যাহ্নভোজনের ব্যবস্থা সভাধিপতির

এসআইআর -এর হেয়ারিংয়ে অংশ নিতে নক্সালবাড়ি ব্লকের বিভিন্ন এলাকা থেকে সকাল থেকেই বহু সাধারণ মানুষ উপস্থিত হন।

গ্রামাঞ্চল ও চা বাগান এলাকা থেকে আসা মানুষদের দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হওয়ায় ক্লান্তি ও অসুবিধার আশঙ্কা তৈরি হয়। এই পরিস্থিতিতে হেয়ারিংয়ে অংশগ্রহণকারী সাধারণ মানুষের জন্য মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করা হলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তাঁরা।

শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল কংগ্রেস নেতা অরুণ ঘোষের উদ্যোগে হাতিঘিসা গ্রাম পঞ্চায়েত, মনিরাম গ্রাম পঞ্চায়েত ও নক্সালবাড়ি বিডিও অফিস চত্বরে অনুষ্ঠিত হেয়ারিং – এ অংশগ্রহণকারী মানুষদের মধ্যে খাবার বিতরণ করা হয়। দীর্ঘ সময় ধরে প্রশাসনিক প্রক্রিয়া চলার মধ্যেও এই ব্যবস্থার ফলে সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে হেয়ারিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন।

সকাল থেকেই বিভিন্ন গ্রামাঞ্চল ও প্রত্যন্ত এলাকা থেকে মানুষ হেয়ারিংয়ে অংশ নিতে আসেন। অনেকেই ভোরবেলা বাড়ি থেকে বের হন বলে দুপুরবেলা খাবারের ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে মধ্যাহ্নভোজনের এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এনে দেয়।

এ প্রসঙ্গে শিলিগুড়ি সভাধিপতি অরুণ ঘোষ জানান, মানুষের দৈনন্দিন প্রয়োজনের বিষয়টিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, “সকাল থেকে মহকুমার বিভিন্ন গ্রামাঞ্চল ও বিশেষ করে চা বাগান এলাকা থেকে আসা সাধারণ মানুষরা যাতে দুপুরবেলা অভুক্ত না থাকেন, সেই কথা মাথায় রেখেই তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই মূল লক্ষ্য।”

হেয়ারিংয়ে অংশগ্রহণকারী বহু মানুষ এই উদ্যোগকে স্বাগত জানান।