নতুন ট্রেন চললেও আমবাড়িতে থামে না, ক্ষো*ভ স্থানীয়দের

রেল পরিষেবার উন্নয়নে নতুন ট্রেন চালু হলেও আমবাড়ি স্টেশনকে ঘিরে বাড়ছে অসন্তোষ। স্টপেজ না থাকায় প্রতিদিনের যাত্রায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

এই পরিস্থিতিতে আমবাড়ি ফালাকাটা নাগরিক মঞ্চের পক্ষ থেকে শুক্রবার স্টেশন মাস্টারের মাধ্যমে উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম-এর উদ্দেশ্যে স্মারকলিপি পাঠানো হয়। সম্প্রতি রেল কর্তৃপক্ষ ১৫৪৬৩/১৫৪৬৪ হালদিবাড়ি – বালুরঘাট ও ১৫৪৬৭/১৫৪৬৮ হালদিবাড়ি – বামনহাট ট্রেন চালু করলেও, এই দুটি ট্রেন আমবাড়ি স্টেশনে না থামায় সমস্যার সমাধান তো দূরের কথা, ক্ষোভ আরও তীব্র হয়েছে বলে অভিযোগ।

নাগরিক মঞ্চের দাবি, এই এলাকার বহু ছাত্রছাত্রী ও কর্মজীবী মানুষ প্রতিদিন শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় যাতায়াত করে। কিন্তু স্টপেজ না থাকায় তাঁদের দূরের স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হচ্ছে, যা সময় ও অর্থ দু’দিক থেকেই বাড়তি চাপ সৃষ্টি করছে। বিশেষ করে সন্ধ্যার পর এলাকায় পরিবহণের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ফলে নিরাপত্তা ও যাতায়াত দুইক্ষেত্রেই সমস্যায় পড়ছেন যাত্রীরা।

স্থানীয়দের মতে, আমবাড়ি একটি গুরুত্বপূর্ণ স্টেশন হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে পর্যাপ্ত ট্রেনের স্টপেজ না থাকা প্রশাসনিক অবহেলারই প্রমাণ। দ্রুত এই সমস্যার সমাধান করে উল্লিখিত ট্রেনগুলির স্টপেজ চালু না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারিও দিয়েছে নাগরিক মঞ্চ।