শহরের পরিকাঠামোগত উন্নয়ন ও নাগরিক পরিষেবার বেহাল অবস্থার অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হল বামফ্রন্ট। শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবন থেকে পৌর নিগম পর্যন্ত মিছিল করে বিক্ষোভ দেখান বামপন্থীরা। শহরের রাস্তাঘাট, নালা-নর্দমার অবস্থা, ময়লা পরিষ্কারে গাফিলতি সহ একাধিক ইস্যুতে তৃণমূল পরিচালিত পুর প্রশাসনের বিরুদ্ধে সরব হন তাঁরা।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলো প্রাক্তন নগরোন্নয়ন মন্ত্রী, প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। তিনি বলেন, “শহরে উন্নয়ন তো দূরের কথা, আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভেঙে পড়েছে। তৃণমূল পরিচালিত পুরবোর্ড দুর্নীতির মধ্যেই ডুবে আছে।”
এদিকে, এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তাঁর কটাক্ষ, “বামেদের আমলে শিলিগুড়ি রাস্তাঘাট না পেয়ে পরিচিত ছিল। এখন শহরের যে পরিমাণ উন্নয়ন হয়েছে, তা তৃণমূলের হাত ধরেই সম্ভব হয়েছে। অশোকবাবু নিজে এত বছর মেয়র ছিলেন, তখন কী উন্নয়ন করেছিলেন”, বলে পাল্টা প্রশ্ন ছোঁড়েন।
বামেরা অবশ্য আন্দোলনের হুঁশিয়ারি দেয়। তাঁদের দাবি, “শহরের মানুষ প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছে। এই দুর্দশার অবসান না হলে, আন্দোলন আরও বড় রূপ নেবে।”
পুর পরিষেবা ও উন্নয়ন ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে শিলিগুড়ির রাজনীতি। দুই শিবিরের চাপানউতোরে সরগরম পুর প্রশাসন চত্বর।
