শিলিগুড়িতে প্র*য়াত চিকিৎসক বিবেক সরকারের প্রতি শেষ শ্রদ্ধা

প্রয়াত খ্যাতনামা শল্য চিকিৎসক বিবেক সরকারের মরদেহ দিল্লি থেকে শিলিগুড়িতে আনা হলে শোকের ছায়া নেমে আসে গোটা শহরে। বৃহস্পতিবার সকালে শিবমন্দিরের তাঁর বাসভবন থেকে শেষ যাত্রার মাধ্যমে মরদেহ নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে। সেখানে সহকর্মী, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক ছাত্রছাত্রী, রাজনৈতিক দলের প্রতিনিধি ও সাধারণ মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানান।

১৯৬১ সালের ১৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন চিকিৎসক বিবেকানন্দ সরকার। মানুষের ভালোবাসায় তিনি হয়ে ওঠেন সকলের প্রিয় ‘বিবেক সরকার’। চিকিৎসাক্ষেত্রে তাঁর মানবিক আচরণ তাঁকে আলাদা মর্যাদায় পৌঁছে দেয়। ২০১৩ সালে এক কঠিন স্নায়ুজনিত রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। দীর্ঘ চিকিৎসা ও মানুষের ভালোবাসায় সুস্থ হয়ে ফিরলেও, সম্প্রতি একই রোগের পুনরাবৃত্তিতে আর ফেরানো গেল না প্রিয় এই চিকিৎসককে।

শহরে তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে। হাসপাতালের সুপার ডাঃ চন্দন ঘোষ বলেন, “শিলিগুড়ি জেলা হাসপাতালে ডাঃ বিবেক সরকার অনেক বছর কাজ করেছেন। তাঁকে নার্স, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছেন। তাঁর মৃত্যু চিকিৎসাক্ষেত্রের এক অপূরণীয় ক্ষতি।”

চিকিৎসক বিবেক সরকারকে শেষবার দেখতে ভিড় করেন অসংখ্য সাধারণ মানুষ ও বিভিন্ন সমাজসেবী সংগঠনের সদস্যরা। এক মহান চিকিৎসক ও মানবিক ব্যক্তিত্বকে হারিয়ে শিলিগুড়ি আজ গভীর শোকে মুহ্যমান।